দীপু মনির এক মামলায় জামিন, ছয় মামলায় রুল হাইকোর্টের

দীপু মনির এক মামলায় জামিন, ছয় মামলায় রুল হাইকোর্টের

উপজেলা সংবাদ চাঁদপুর সদর জাতীয় সংবাদ প্রধান সংবাদ হাইমচর উপজেলা

সংবাদ ডেস্ক : প্রায় দুই বছর ধরে কারাবন্দি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী দীপু মনি রাজধানীর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। একই সঙ্গে আরও ছয়টি পৃথক হত্যা মামলায় তাঁর জামিন প্রশ্নে রুল জারি করেছে আদালত।

বুধবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক সাতটি জামিন আবেদন শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, একটি মামলায় দীপু মনি জামিন পেলেও বাকি ছয় মামলায় কেন তাঁকে জামিন দেওয়া হবে না—সে বিষয়ে রাষ্ট্রপক্ষকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জামিন পাওয়া মামলাটি রাজধানীর মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলা, যা ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মুদিদোকানি আবু সায়েদকে হত্যার অভিযোগে দায়ের করা হয়।

আদালতে দীপু মনির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার এবং আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।

আইনজীবী রমজান আলী শিকদার জানান, এ মামলার এজাহারে দীপু মনির নাম নেই এবং তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও উল্লেখ করা হয়নি।

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার দুই সপ্তাহ পর, ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবীদের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ড, জুলাই গণ-অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় তিনি জামিন চেয়ে হাইকোর্টে পৃথক আবেদন করেন।

বাকি ছয়টি মামলা রাজধানীর বাড্ডা ও যাত্রাবাড়ী থানার, যেগুলোও হত্যার অভিযোগ সংশ্লিষ্ট বলে জানা গেছে।

দীপু মনি ২০০৮ সালের নির্বাচনের পর প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। পরবর্তী সময়ে তিনি শিক্ষামন্ত্রী ও সর্বশেষ ২০২৪ সালের সরকারে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

৫ আগস্ট ২০২৪ সালে সরকার পতনের পর তাঁর মন্ত্রিত্বের অবসান ঘটে এবং এরপর তিনি গ্রেপ্তার হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *