চাঁদপুর বড়স্টেশন কমিউনিটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

চাঁদপুর বড়স্টেশন কমিউনিটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ ১

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় অসহায়, অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে “চাঁদপুর বড়স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠন”। মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ মে) সকালে শহরের লঞ্চঘাট মাদ্রাসা মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সংগঠনের পক্ষ থেকে কয়েক শতাধিক পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে পোলাওয়ের চাল, সেমাই, পাস্তা, নুডলস, আলু, পেঁয়াজ, চিনি, দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রাখায় কয়েকজন ব্যক্তি ও সদস্যকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহমেদ বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা দ্বীন মো. জিল্লু, মো. হোসাইন চোকদার, মোস্তফা ডাক্তার, শামসুল আলম সূর্য, দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন, হিলশা মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. আবু বকর সিদ্দিক এবং লেখক ও সমাজকর্মী মুহাম্মদ হানিফসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের বিগত সময়ের বিভিন্ন মানবিক কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল পারভেজ। তিনি এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারী সকল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক প্রয়োজনে এলাকার অসচ্ছল মানুষের সহায়তায় এগিয়ে আসছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। সেই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে নিম্নবিত্ত পরিবারের জন্য এ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তারা আরও জানান, এর আগে রমজানের শুরুতে তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরে ঈদুল ফিতর উপলক্ষে কয়েক শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়াও সংগঠনটি অসচ্ছল কর্মক্ষম ব্যক্তিদের রিকশা প্রদান এবং নদীপাড়ের নারীদের গোসলের জন্য গোসলখানা নির্মাণের মতো বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই উদ্যোগ কোনো দান নয়; বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই তারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টাই ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগায় বলেও তারা উল্লেখ করেন।

ঈদ উপহার বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য আমিনুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, কবির জমাদ্দার, বাকি বিল্লাহ, মো. আবু বকর, সালাউদ্দিন খান, নাসরিন সুলতানা মিলি, হাসানাত ঈমন, মাসুম খাঁন, সদস্য সাদিয়া আক্তার রুমা, সাইফুল খাঁন, আহমেদ সাব্বির, সুনিলসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *