আনিস আহমেদ রাসেল : চাঁদপুর শহরে পাঠাভ্যাস বিস্তার ও বইপড়ায় মানুষকে উদ্বুদ্ধ করতে প্রথমবারের মতো একদিনের বইমেলার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার। শনিবার (২৫ জুলাই) শহরের জেএম সেনগুপ্ত রোডের চাঁদ টাওয়ারে অবস্থিত প্যাপিরাস পাঠাগারের কার্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ বইমেলা অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে তিনটায় ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন প্যাপিরাস পাঠাগারের সাধারণ সম্পাদক কবি আইরিন সুলতানা লিমা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি জাতির অগ্রগতির জন্য শিক্ষার বিকাশ ও বইপাঠের বিকল্প নেই। বই মানুষের জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করে এবং সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বইমেলার আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী এবং ‘বিজয়ী’-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যাপিরাস পাঠাগারের উপ-সভাপতি ফেরারী প্রিন্স, নাট্যজন ও সাংবাদিক মোহাম্মদ আলমগীর, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিব এবং ব্যবসায়ী মনির হোসেন খান। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বইমেলার সদস্য সচিব মিজানুর রহমান স্বপন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, বইপাঠে মানুষকে আগ্রহী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, বইয়ের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেলে তরুণ সমাজ অন্যায় ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং কুসংস্কারমুক্ত সমাজ গঠনে নিয়মিত বইপাঠ ও বইমেলার আয়োজন সময়ের দাবি।
তিনি আরও জানান, ভবিষ্যতে প্রতিবছর এ বইমেলার আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। অল্প সময়ের প্রস্তুতিতে আয়োজনটি সম্পন্ন হলেও দীর্ঘ পরিকল্পনার সুযোগ পেলে আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দিনব্যাপী বইমেলায় পাঠক-পাঠিকার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী পাঠকের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে।

