স্টাফ রিপোর্টার : চাঁদপুরে নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসীদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ জোরদারের লক্ষ্যে মাইগ্রেশন রাইটস অ্যান্ড প্রটেকশন কমিটি (এমআরপিসি)-এর অর্ধবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (সিসিডিএ)-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, অভিবাসনপ্রত্যাশীদের যথাযথ তথ্য, দক্ষতা উন্নয়নের সুযোগ এবং আইনি সহায়তা প্রদান নিশ্চিত করা গেলে প্রতারণা ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের সরকারি অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে যাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে দালাল ও প্রতারক চক্রের অপতৎপরতা সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, বৈধ প্রক্রিয়ায় বিদেশগমন, অভিবাসীদের অধিকার এবং প্রতারণার ঝুঁকি সম্পর্কে তথ্যভিত্তিক সংবাদ প্রচারের মাধ্যমে সাংবাদিকরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। তিনি অভিবাসীদের কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিডিএর জেলা সমন্বয়ক মো. নাজমুল আহসান। এতে নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা, অভিবাসীদের অধিকার এবং চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।
সভায় আরও বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান, সিসিডিএর প্রকল্প ব্যবস্থাপক এ কে এম মাহাতাব উদ্দীন, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. সাফায়েত হুসাইন, চাঁদপুর জজ কোর্টের অ্যাডভোকেট রুজি আক্তার, হাজীগঞ্জ পৌরসভা এমআরপিসি সদস্য জিয়াউর রহমান এবং তরপুরচন্ডী ইউনিয়ন এমআরপিসি সভাপতি মো. নাজমুল হাসান।
অনুষ্ঠানে এমআরপিসি সদস্য, অভিবাসী পরিবারের প্রতিনিধিসহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ সেন্টার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পাসপোর্ট অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা মাইগ্রেশন সমন্বয় কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শ্রম অভিবাসন খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সিসিডিএ ২০০৭ সাল থেকে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় চাঁদপুর জেলার সদর, মতলব দক্ষিণ, মতলব উত্তর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ৩৭টি ইউনিয়ন এবং ৫টি পৌরসভায় ‘Strengthened and Informative Migration Systems (SIMS) Phase-II’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
চার বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন ব্যবস্থা জোরদার, অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের আইনি সহায়তা প্রদান, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

