নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা পুলিশের নতুন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সোমবার (২৯ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের সময় বিদায়ী পুলিশ সুপার মোঃ রবিউল হাসান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানান।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে নবাগত ও বিদায়ী পুলিশ সুপারের মধ্যে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চাঁদপুর জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়াকে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন।

