চাঁদপুরে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুরে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ‘দমে না, থামে না’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যের সত্যতা যাচাই এবং গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন।

রোববার (২১ জুন) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেন একাত্তর টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি আলআমিন ভূঁইয়া। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী। তিনি বলেন, একটি শক্তিশালী, দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম সমাজের অসঙ্গতি তুলে ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে পারে। একাত্তর টেলিভিশন দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব সফলভাবে পালন করে আসছে।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে গণমাধ্যমের দায়িত্ব যেমন বেড়েছে, তেমনি বেড়েছে নানা ধরনের চ্যালেঞ্জও। এমন বাস্তবতায় সত্য, নিরপেক্ষ ও যাচাইকৃত তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, একাত্তর টেলিভিশন ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দর্শকদের আস্থা আরও সুদৃঢ় করবে।

সোহেল রুশদী দেশের উন্নয়ন, সম্ভাবনা, সংকট এবং সাধারণ মানুষের জীবনঘনিষ্ঠ বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে একাত্তর টেলিভিশনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, পেশাদারিত্ব, সাহসিকতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে চ্যানেলটি আগামী দিনেও গণমাধ্যম অঙ্গনে নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মেদ এবং একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের চাঁদপুর করেসপন্ডেন্ট মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাহউদ্দিন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন ঢালী, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি এমরান হোসেন রাজন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া, নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খান এবং গ্রীন নিউজের সম্পাদক আশিকুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এইচ এম নিজাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান রুবেল, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি শাহ আলম খান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি শাহরিয়ার খান কৌশিক, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ মো. জাহিদুল ইসলাম, সাংবাদিক রায়হান বাবু, আবু সায়েমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের পক্ষ থেকে একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি আলআমিন ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথিদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

আলোচনা সভায় বক্তারা সমসাময়িক সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সংবাদমাধ্যমের অবদান নিয়ে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *