কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১২ কেজি গাঁজা ও মদ-বিয়ার উদ্ধার

Uncategorized প্রধান সংবাদ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১২ কেজি গাঁজা ও মদ-বিয়ার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজা, ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ার উদ্ধার করেছে র‌্যাব-১১। এসব অভিযানের একটিতে মো. সিব্বির হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ২০২৬ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দড়িবট গ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল ওই অভিযান চালায়। এ সময় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এরপর ২৯ আগস্ট ২০২৬ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মো. সিব্বির হোসেনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় সিব্বির হোসেনের হেফাজত থেকে ৭০ বোতল বিদেশি মদ ও ৯০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পারে, গ্রেফতার সিব্বির হোসেন (২৪) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহাপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

জিজ্ঞাসাবাদে সিব্বির হোসেন জানিয়েছে, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

র‌্যাব-১১ জানিয়েছে, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *