শিক্ষকরাই আগামী দিনের সমাজ গঠনের কারিগর : এমপি মানিক

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

শিক্ষকরাই আগামী দিনের সমাজ গঠনের কারিগর : এমপি মানিক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করতে হবে। সরকারের অগ্রাধিকারের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা রয়েছে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরও সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের ভালো ফলাফল অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও উদাহরণ হতে পারে। যেসব বিদ্যালয়ের ফলাফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে ভালো ফল করা বিদ্যালয়ের শিক্ষকদের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকা প্রয়োজন উল্লেখ করে এমপি মানিক বলেন, প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যালয়গুলোর ফলাফল আরও ভালো করার সুযোগ তৈরি হবে। শিক্ষকরাই আগামী দিনের সমাজ গঠনের কারিগর। তাই শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় দেওয়ার মাধ্যমে তাদের দায়িত্ব পালন করতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার অগ্রগতি নিয়ে প্রতি মাসে অন্তত একবার সভা করা প্রয়োজন। একই সঙ্গে অভিভাবকদের নিয়ে নিয়মিত বৈঠক করে শিক্ষার্থীদের পড়াশোনা ও বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হবে। অভিভাবকদের সম্পৃক্ততা বাড়লে শিক্ষার্থীদের পড়াশোনায় ইতিবাচক প্রভাব পড়বে।

বিদ্যালয়ের আশপাশে খেলার উপযোগী জায়গা থাকলে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য তা ব্যবহারের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

শিক্ষকদের উদ্দেশে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, বিদ্যালয়ের নির্ধারিত সময়কে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হতে হবে। তিনি শিক্ষকদের টিউশনি না করার আহ্বান জানিয়ে বিদ্যালয়ে পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ দেন।

শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের বদলির বিষয়ে তার কাছে না আসার অনুরোধ করা হয়েছে। বিশেষ করে গ্রামের বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি অনুষ্ঠানটি পরিচালনা করেন।

সভায় বক্তব্য দেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, রামপুর আদর্শ আলিম মাদ্রাসার ম্যানেজিং মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, মহামায়া হানাপিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির হোসেন রনি, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকবুল হোসেন, আল-আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ফরাক্কাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল ইসলাম এবং শাহাতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান।

এ ছাড়া বক্তব্য দেন গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজির আহম্মদ, মনিহার দাখিল মাদ্রাসার সুপার নাজির আহমেদ, পশ্চিম সকদী আলিম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুকবুল আহমেদ, চাঁদপুর লেডি প্রতিমি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইয়াসমিন, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ ও পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা কল্পনা সরকার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফরাক্কাবাদ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম। গীতা থেকে পাঠ করেন রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল মিশন, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সামছুল ইসলাম মন্টু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝি। এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *