হাইমচর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে ৮ বছর বয়সী এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর ওপর শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় এক বৃদ্ধ ইদ্রিস হাওলাদার-এর বিরুদ্ধে এ অভিযোগের পর ঘটনাটি ধামাচাপা দিতে কথিত সালিশি বৈঠক বসানো হলেও প্রশাসনের হস্তক্ষেপে তা ব্যর্থ হয় এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
ভুক্তভোগী শিশু হাইমচর উপজেলার জালিয়ার চর এলাকার বাসিন্দা মো. আমজাদ মাঝি ও মালঞ্চ বেগমের কন্যা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুন সকালে স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত ইদ্রিস হাওলাদার শিশুটির পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, তিনি শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে হেনস্তা করেন এবং ধর্ষণের চেষ্টা চালান। পরে স্থানীয় এক নারীর উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও কথিত মাতব্বররা বিষয়টি আইনগত প্রক্রিয়ার বাইরে নিয়ে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। দিনভর একাধিক বৈঠকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ১০০ বার জুতার আঘাতের মতো সিদ্ধান্ত দেওয়া হয় বলেও জানা যায়।
অভিযোগ রয়েছে, কিছু পক্ষ ২০ হাজার টাকায় বিষয়টি নিষ্পত্তির প্রস্তাবও দেয় এবং জরিমানার অর্থের একটি অংশ আত্মসাতের পরিকল্পনার কথাও উঠে আসে।
তবে ভুক্তভোগী শিশুর মা মালঞ্চ বেগম সব ধরনের আর্থিক সমঝোতা প্রত্যাখ্যান করে বলেন,
“আমি কোনো টাকা-পয়সা চাই না, আমি আমার সন্তানের ওপর হওয়া অন্যায়ের রাষ্ট্রীয় আইনে বিচার চাই।”
ঘটনা জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সালিশ বা বেআইনি হস্তক্ষেপ না করার আহ্বান জানান।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, এ ধরনের অপরাধ ফৌজদারি ও অ-আপোষযোগ্য। কোনো সালিশের মাধ্যমে এর মীমাংসা আইনত গ্রহণযোগ্য নয় এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশি অভিযান শুরু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে। ভুক্তভোগী পরিবারকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-হাইমচর) মোঃ খায়রুল কবীর বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধী বা অপরাধ আড়ালকারীকেই ছাড় দেওয়া হবে না।

