সজল পাল : সেবা মাস-২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র দোয়াভাঙ্গা এজেন্ট শাখার উদ্যোগে গ্রাহকদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের আধুনিক সেবা, শরিয়াহসম্মত ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকসেবার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় মাওলানা হুমায়ূন কবিরের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে।
স্বাগত বক্তব্যে দোয়াভাঙ্গা এজেন্ট শাখার ইনচার্জ মো. ফায়সাল মিয়া বলেন, গ্রাহকদের জন্য আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম আরও কার্যকরভাবে সম্প্রসারণের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র হাজীগঞ্জ শাখার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মু. মাহবুবুল হাছান। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ। সেই আস্থা ধরে রাখতে উন্নত গ্রাহকসেবা এবং আধুনিক শরিয়াহসম্মত ব্যাংকিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাংক নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মু. মোশাররফ হোসাইন।
গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন হাফেজ মনির হোসাইন মিয়াজী ও মো. আলী। তারা ইসলামী ব্যাংকের সেবার মানের প্রশংসা করে ভবিষ্যতেও গ্রাহকবান্ধব কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সেবা মাস উপলক্ষে ব্যাংকের বিভিন্ন সেবা, সুবিধা এবং গ্রাহকদের জন্য নতুন উদ্যোগ সম্পর্কে উপস্থিতদের বিস্তারিত অবহিত করা হয়।

