সচেতনতা কার্যক্রম সফল হলেই বাস্তবায়িত হবে ‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয় : এমপি মানিক

সচেতনতা কার্যক্রম সফল হলেই বাস্তবায়িত হবে ‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয় : এমপি মানিক

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নকেন্দ্রিক সচেতনতামূলক কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী তারেক জিয়ার ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার প্রত্যয় বাস্তবে রূপ পাবে।

শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, অনুষ্ঠানে আলোচিত অধিকাংশ বিষয়ই ব্যক্তি ও সামাজিক উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। তবে মাদক চোরাচালানে নারী ও শিশুদের সম্পৃক্ততা রোধ এবং যৌতুক প্রথা নির্মূলের মতো কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকার, প্রশাসন ও সমাজের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।

তিনি আরও বলেন, জেলার বিভিন্ন এলাকায় দারিদ্র্যের প্রভাব বেশি থাকায় অতীতে কিছু অপসংস্কৃতি ও সামাজিক অপরাধ বিস্তার লাভ করেছিল। এসব সমস্যা মোকাবিলায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধ এবং যৌতুকবিরোধী উদ্যোগও চলমান রয়েছে।

সংসদ সদস্য জানান, যেখানে এসব অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার ঝুঁকি রয়েছে, সেসব এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি এ ধরনের সামাজিক সমস্যা প্রতিরোধে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব মো. ইয়াসিন, অতিরিক্ত সচিব ও পরিচালক মো. শাহআলম, যুগ্ম সচিব ও উপ-প্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ এবং বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপিকা সাদিয়া রশ্মি সূচনা।

আলোচনা পর্ব শেষে জাতীয় পর্যায়ের বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *