স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলায় মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইউএনও এস এম এন জামিউল হিকমা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। চাঁদপুর সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি-ছিনতাইসহ সামাজিক অপরাধ প্রতিরোধে আগাম তথ্য সংগ্রহ ও কার্যকর পদক্ষেপ গুরুত্বপূর্ণ। কোথাও অপরাধ, অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
ইউএনও সরকারি প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের কার্যক্রমে আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেন। দায়িত্ব পালনে অনিয়ম, অবহেলা কিংবা বেআইনি কর্মকাণ্ড যাতে কোনোভাবেই প্রশ্রয় না পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো, যানজট নিরসন এবং রাতের নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন ইউএনও।
তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি আগেই চিহ্নিত করে প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে। জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও যোগাযোগ আরও জোরদার করা প্রয়োজন।
আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে এস এম এন জামিউল হিকমা বলেন, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক নেতৃত্বকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কোনো অন্যায়, অনিয়ম বা অপরাধের তথ্য পাওয়া গেলে তা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দপ্ত রনি, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসাইন, এলজিইডি চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটোয়ারী, ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য অ্যাড. মুনিরা বেগম চৌধুরী, হযরত আলী বেপারী ও শাহজালাল মিশন।

