আবুল কালাম আজাদ : চাঁদপুরের হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু করার আশ্বাস দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। রোববার (৩০ আগস্ট) হাইমচর উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি জানান, সড়কটির বিষয়ে ডিও লেটার দেওয়া হয়েছে।
রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে হাইমচর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, বাজার ব্যবস্থাপনা, জলাশয় পরিষ্কার, মৎস্য সম্পদ সংরক্ষণ, সার ও বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, হাইমচর-চাঁদপুরের বিকল্প সড়কের ব্যাপারে ডিও লেটার দেওয়া হয়েছে। খুব দ্রুত সড়কটির কাজ শুরু হবে। দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমাতে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
জলাবদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, হাইমচরের সরকারি-বেসরকারি কোনো পুকুর বা জলাশয়ে কচুরিপানা থাকা যাবে না। সব জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মৎস্য সম্পদ রক্ষায় নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন সংসদ সদস্য। তিনি নিষিদ্ধ চায়না জাল ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এসব জাল ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
হাইমচরের বাজারগুলোর শৃঙ্খলা ফেরানোর প্রসঙ্গে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, জনতা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। বাজারের সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া যাবে না।
হাইমচর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। দ্রুত জায়গা নির্ধারণ করে একটি পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বাজারে আসা ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।
কৃষি উপকরণ সার ও বিদ্যুৎ সরবরাহের বিষয়েও নজরদারি বাড়ানোর আহ্বান জানান সংসদ সদস্য। কৃষকরা যাতে যথাসময়ে ন্যায্যমূল্যে সার পান এবং বিদ্যুৎ সরবরাহে অনিয়ম বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরা হয়। পরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সভাকে অবহিত করেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ, জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সরকারি উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, হাইমচর থানার অফিসার ইনচার্জ শাহ আলমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

