স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। শনিবার (৪ জুলাই) সকালে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে আয়োজিত সভায় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ রক্ষায় মহিলা ঐক্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংগঠনের সদস্যদের যেকোনো সমস্যা ও প্রয়োজনের ক্ষেত্রে তিনি পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দোকানঘর থেকে হাইমচর পর্যন্ত সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে এবং ফরিদগঞ্জ বাইপাস সড়কের কাজও এগিয়ে চলছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এসব প্রকল্পের সুফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া কদমতলায় একটি অডিটোরিয়াম নির্মাণের বিষয়টিও তুলে ধরেন।
সংসদ সদস্য আরও বলেন, সমাজকল্যাণ দপ্তরের বিভিন্ন সরকারি সহায়তা প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে অর্থনৈতিক সংকটে থাকা মেধাবী হিন্দু শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আবেদনপত্র পূরণের মাধ্যমে জানালে সরকারি সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে তিনি জানান।
মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করলেও পরিবারের সদস্যদেরও সচেতন থাকতে হবে। তিনি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার ও সামাজিক সংগঠনের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে প্রয়োজনীয় যেকোনো উদ্যোগে তিনি সহযোগিতা করবেন এবং এ বিষয়ে তার দপ্তরের দরজা সবসময় উন্মুক্ত থাকবে।
চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদারের সভাপতিত্বে এবং জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ, যুগ্ম আহ্বায়ক পাপড়ি বর্মন, কবিতা সাহা, রাখি মজুমদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে নারীদের বিভিন্ন সমস্যা, সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় ভূষণ মজুমদার, সদস্য সচিব অজিত সাহা, সদস্য নির্মল পাল, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত, যুগ্ম আহ্বায়ক উপমাসহ ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

