স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের পূর্ব বালিয়া এলাকায় পুকুর ভরাটের কাজ চলাকালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, দলীয় কর্মীদের “চা-নাস্তা খাওয়ানোর” কথা বলে শহিদুল নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়, যার একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পূর্ব বালিয়ার দেওয়ান বাড়িতে নিজস্ব পুকুর বালু দিয়ে ভরাট করার সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের দাবি, বালিয়া ইউনিয়ন বিএনপির নেতা পরিচয় দিয়ে ফারুক নামের এক ব্যক্তি এই অর্থ গ্রহণ করেন।
অভিযোগ অনুযায়ী, পুকুর ভরাটের কাজে ব্যবহৃত পিকআপ ট্রাকের মাধ্যমে বালু ফেলা চলাকালে বাধার মুখে পড়েন শহিদুল। পরে দলীয় লোকজনকে খাওয়ানোর অজুহাতে তার কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা নেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
ঘটনাটির একটি স্বীকারোক্তিমূলক অডিও রেকর্ড ৫ জুন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শহিদুলকে অসহায় কণ্ঠে তার কাজের পরিস্থিতি ও বাধার মুখে পড়ার বিষয়টি বলতে শোনা যায়। অডিওতে চাঁদা নেওয়ার বিষয়টিও উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন।
এদিকে অভিযুক্ত ফারুকের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সত্যতা যাচাই করে প্রয়োজনীয় দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

