মো: মহিউদ্দিন : ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. আনিছুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন। ৬ জুলাই ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মো. আনিছুর রহমান ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘কবি রূপসা পাঁচানি’ পরিবারের সন্তান। তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রয়াত এ কে এম ছায়েদুর রহমান লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। দেশের খ্যাতিমান চিত্রশিল্পী এম হাসেম খাঁন তাঁর মামা।
১৯৯৪ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন আনিছুর রহমান। দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করে দক্ষতা ও সুনাম অর্জন করেন।
পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি বিনিয়োগ বোর্ডে, যা বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নামে পরিচিত, প্রায় সাত বছর দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্বে দেশের ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং চলমান আর্থিক খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর ওপর অর্পণ করা হয়েছে।
অর্থনীতি ও ব্যাংকিং খাতসংশ্লিষ্ট মহলের মতে, তাঁর এই নিয়োগ দেশের আর্থিক খাতের সংস্কার প্রক্রিয়ায় একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে ফরিদগঞ্জবাসীও এ নিয়োগকে গর্বের বিষয় হিসেবে দেখছেন।

