উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী পেল মেধাবৃত্তির সম্মাননা

উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী পেল মেধাবৃত্তির সম্মাননা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী চাঁদপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠিত উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, বৃত্তির সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়ন শিশু বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। প্রধান অতিথি ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়।

প্রধান অতিথির বক্তব্যে সুভাষ চন্দ্র রায় বলেন, শিক্ষার্থীদের বর্তমান সাফল্য ভবিষ্যতের আরও বড় অর্জনের ভিত্তি তৈরি করবে। তিনি বলেন, সন্তানদের লেখাপড়ার পাশাপাশি তাদের সার্বিক বিকাশে অভিভাবকদের নিয়মিত সময় দেওয়া এবং নিবিড়ভাবে খোঁজখবর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন। সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় এ বছর উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীর বৃত্তি অর্জন প্রতিষ্ঠানটির জন্য গৌরবের বিষয়। এ অর্জনের পেছনে শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা সমানভাবে ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সন্তানদের জন্য প্রতিদিন বিদ্যালয়ে অপেক্ষমাণ মায়েদের আন্তরিকতা শিশুদের সাফল্যে ইতিবাচক প্রভাব ফেলে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে ৩৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, বৃত্তির সনদ ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি সুভাষ চন্দ্র রায়। এ সময় সোহেল রুশদীসহ উপস্থিত অতিথিরাও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম রেজা, সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক সোলায়মান হোসেন, সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত সুধীজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *