ফরিদগঞ্জে মামলা প্রত্যাহার ও ওসি অপসারণ দাবিতে বিক্ষোভ

ফরিদগঞ্জে মামলা প্রত্যাহার ও ওসি অপসারণ দাবিতে বিক্ষোভ

উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা স্লাইড

মো: মহিউদ্দিন : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সংসদ সদস্য আলহাজ এম এ হান্নানের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহার, মামলার বাদীকে গ্রেফতার এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম নান্টু। এতে বক্তব্য রাখেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নুরুল ইসলাম নজু পাটওয়ারী, আমানত গাজী, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিপন এবং সাবেক পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।

বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম এ হান্নানের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মী আবুল খায়ের পাটওয়ারী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা ওই মামলার বাদী আবুল খায়ের পাটওয়ারীকে গ্রেফতার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তারা আরও অভিযোগ করেন, গত ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বরে আয়োজিত কর্মসূচির সময় ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে পুলিশ কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তারা দাবি করেন, হামলার ঘটনার পরও উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে, যা তারা অন্যায় ও পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করেন। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা ওসি মো. হেলাল উদ্দিনের অপসারণের দাবি জানান।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে এম এ হান্নানের সমর্থক বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *