প্রেস ক্লাবের উদ্যোগে চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প ইতিহাস হয়ে থাকবে
—————- শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে এবং চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় দিনব্যাপী চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের এ ধরনের মানবিক উদ্যোগ জেলার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। তাঁর মতে, নিয়মিত এ ধরনের চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প আয়োজন করা হলে সাংবাদিকদের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল মানুষও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
তিনি বলেন, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ইতোমধ্যে উন্নতমানের চিকিৎসাসেবা দিয়ে সুনাম অর্জন করেছে। প্রতিদিন চাঁদপুর ছাড়াও লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ আশপাশের জেলা থেকে বহু রোগী সেখানে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালটিকে আরও আধুনিক করার মাধ্যমে জেলার স্বাস্থ্যখাতকে শক্তিশালী করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
এমপি মানিক আরও বলেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন ও তথ্যের ভিত্তিতে অনিয়ম রোধ সম্ভব হচ্ছে, যা সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সহায়ক। তিনি চাঁদপুর প্রেস ক্লাবের ধারাবাহিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠারের শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, প্রেস ক্লাবের ইতিহাসে এবারই প্রথম মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। চক্ষু চিকিৎসা, চশমা, আই ড্রপ, রক্তচাপ পরিমাপ ও চিকিৎসকের পরামর্শসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক সেবামূলক এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, চাঁদপুরের উন্নয়নে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন। জেলার উন্নয়ন কর্মকাণ্ডে প্রেস ক্লাবও ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ও ড্যাব নেতা ডা. সৈয়দ আহমেদ কাজল, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আবু জাফর এবং আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারের পরিচালক জামাল সাকিব।
অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসকরা মেডিসিন, সার্জারি, চর্মরোগ, গাইনি, প্যাথলজি ও সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করেন। অন্যদিকে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ দল চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ, আই ড্রপ ও চশমা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংসদের অধিবেশন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়। এছাড়া মেডিকেল ক্যাম্পে সহযোগিতার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসক দলের সদস্যদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে ১৫২ জন চক্ষু চিকিৎসাসেবা এবং ১৪৮ জন সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। সব মিলিয়ে ৩০০-এর বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, চশমা, আই ড্রপ, রক্তচাপ পরিমাপ, ব্লাড গ্রুপ নির্ধারণ ও ডায়াবেটিস পরীক্ষার সুবিধা পান।
ক্যাম্প সফলভাবে আয়োজনের জন্য চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

