কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় নির্বাচিত মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, এ্যারেটর, ফল ও সবজির বীজ, বিভিন্ন ফলদ ও বনজ চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণ ও দেশীয় প্রজাতির মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা ফিশারি প্রজেক্টে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাওকাত হোসেন সুমন এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় উপজেলার ১২টি ইউনিয়ন থেকে নির্বাচিত গৃহস্থালি পুকুরে দেশীয় প্রজাতির মাছ চাষ প্রদর্শনীর ৭ জন এবং প্রযুক্তি প্রদর্শনীর ৪ জন উপকারভোগী মৎস্য চাষিকে বিভিন্ন আধুনিক উপকরণ প্রদান করা হয়েছে। এসব উপকরণের মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, প্রকল্পটি গৃহস্থালি পুকুরের কার্যকর ব্যবহার নিশ্চিত করা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক মাছ চাষ প্রযুক্তির বিস্তার এবং পুষ্টি নিরাপত্তার পাশাপাশি চাষিদের পারিবারিক আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

