কচুয়ায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান পুলিশের
রাজীব চন্দ্র শীল : কচুয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক। তিনি বলেছেন, কচুয়ার কোথাও মাদকের ঠাঁই হবে না এবং মাদক ব্যবসা ও সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে কাদলা ইউনিয়নের গুলবাহার বাজারে কচুয়া থানার আয়োজনে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ স্লোগানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক বলেন, মাদক ব্যবসায়ী ও ডিলারদের চিহ্নিত করে তাদের তালিকা করা প্রয়োজন। মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, এলাকায় বড় মাদক ডিলার বা ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হবে।
রাশেদুল হক আরও বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করলে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর হবে।
সমাবেশে কাদলা ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বাচ্চু মাস্টারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা ডাক্তার জালাল হোসেনের পরিচালনায় বক্তব্য দেন কাদলা ইউনিয়নের বিট অফিসার এসআই মোহাম্মদ ফাত্তার মিয়া, এএসআই মোস্তাক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও কাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম।
অনুষ্ঠানে কাদলা ইউনিয়নের বিভিন্ন এলাকার সুশীল সমাজের প্রতিনিধি ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

