কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলায় পরিবেশ পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশা নিধন, জলাশয় পরিষ্কার এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কচুয়া ইয়ুথ ফোরামের উদ্যোগে উপজেলার দোঘর, নোয়াদ্দা, মুরাদপুর, শাসনখোলা ও চারটভাঙা এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগে চৌমুহনী বোয়ালজুড়ি খালসহ আশপাশের জলাশয় ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং মশার সম্ভাব্য প্রজননস্থল অপসারণে কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জলাশয় সংরক্ষণ এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকদের মতে, ব্যক্তি ও সামাজিক উদ্যোগের সমন্বয়েই একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মো. এবায়েদ তালুকদার, হাজী এমরান হোসেন, জাকির হোসেন, সাইদুল ইসলামসহ অন্যান্যরা বলেন, পরিবেশ সংরক্ষণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। তারা জানান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং স্থানীয় জলাশয় রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় ইয়ুথ ফোরামের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন।

