ঈদুল আজহা সামনে রেখে চাঁদপুরে প্রশাসনের প্রস্তুতি সভা

ঈদুল আজহা সামনে রেখে চাঁদপুরে প্রশাসনের প্রস্তুতি সভা

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা চাঁদপুর সদর স্লাইড হাইমচর উপজেলা হাজীগঞ্জ উপজেলা

ঈদুল আজহা সামনে রেখে চাঁদপুরে প্রশাসনের প্রস্তুতি সভা

ঈদুল আজহা সামনে রেখে চাঁদপুরে প্রশাসনের প্রস্তুতি সভাস্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে চাঁদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়কে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার, যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নৌ ও সড়কপথে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে চাঁদপুরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যানজট। এ সমস্যা নিরসনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক বিভাগ ও স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্ভাব্য ঈদযাত্রা সামনে রেখে আগামী ২৪ মে থেকে শহরের কালিবাড়ি, ছায়াবাণী মোড়, মিশন রোড, বাসস্ট্যান্ড ও বাবুরহাট এলাকায় অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট সদস্য, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের দায়িত্বে নিয়োজিত করা হলে যান চলাচল নিয়ন্ত্রণ সহজ হবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে ঈদযাত্রা করতে পারবে।

ফিটনেসবিহীন যানবাহনের বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ট্রাক, বাস, মোটরসাইকেলসহ কোনো ধরনের মেয়াদোত্তীর্ণ বা জরাজীর্ণ যানবাহন সড়কে চলতে দেওয়া যাবে না। এতে অন্তত ২০ থেকে ৩০ শতাংশ যানজট কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, মোবাইল কোর্ট পরিচালনার পরও অনেক অনুপযুক্ত যানবাহন আবার সড়কে নেমে আসছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিআরটিএকে সপ্তাহে অন্তত তিন দিন অভিযান পরিচালনার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে ট্রাক্টর, নিসান ও করিমনের চলাচল নিয়ন্ত্রণের ওপরও গুরুত্বারোপ করেন।

নৌপথের যাত্রীসেবা প্রসঙ্গে তিনি পুরাণবাজার–নতুনবাজার ব্রিজের নিচ দিয়ে কোন কোন লঞ্চ চলাচল করতে পারবে তার তালিকা প্রস্তুতের নির্দেশ দেন। পাশাপাশি বিআইডব্লিউটিএর সঙ্গে সমন্বয় করে ইচলীঘাট থেকে লঞ্চ চলাচলের বিষয়টি দেখবেন বলেও জানান।

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো পরিবহন যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিলবোর্ডের মাধ্যমে সচেতনতা বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ঈদ উপলক্ষে সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যাত্রী হয়রানি রোধ এবং টার্মিনাল ও স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন সার্বিক পরিস্থিতি মনিটর করবে বলেও জানান তিনি।

সভায় শুরুতে বিগত সভার আলোচ্য বিষয় উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম হাওলাদার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম. এ. লতিফ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউনুস আলী, বন্দর কর্মকর্তা মো. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. জামিউল হিকমা, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইসমাম, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম বাবু, জেলা ট্রাফিক পরিদর্শক প্রবীর কুমার দাস, সাংবাদিক গিয়াসউদ্দিন মিলন, আলম পলাশ, ফারুক আহম্মদ এবং লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *