শাহরাস্তিতে সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত ৫, মহাসড়ক অবরোধ

শাহরাস্তিতে সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত ৫, মহাসড়ক অবরোধ

উপজেলা সংবাদ প্রধান সংবাদ শাহরাস্তি উপজেলা

শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তি উপজেলায় সড়কের পাশে স্তূপ করে রাখা নির্মাণ পাথরে পিছলে একটি সিএনজি চালিত অটোরিকশা উল্টে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়েছে। এতে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে।

মঙ্গলবার রাতে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা যায়, হাজীগঞ্জ থেকে দোয়াভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা সড়কের পাশে ভবন নির্মাণের জন্য রাখা পাথরের স্তূপে পিছলে নিয়ন্ত্রণ হারায়। পরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক স্বপন (৩০), কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার নূর ইসলামের ছেলে মো. গাজী মোকলেস (৪৬), কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার জয়নাল আবেদীনের ছেলে মাঈনু (৩৮), তার স্ত্রী রুমা (৩৪) এবং তাদের ছেলে সামির (৮)।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত চালক স্বপন ও যাত্রী মো. গাজী মোকলেসকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে নির্মাণসামগ্রী ফেলে রাখার প্রতিবাদ এবং বালিবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণের দাবিতে রাত ১০টা পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে, ফলে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, সড়কের পাশে নির্মাণসামগ্রী রাখার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *