ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আষ্টা বাজার এলাকার গুরুত্বপূর্ণ একটি সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন হাজারো পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহনের চালক। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে স্থানীয়রা এই ঝুঁকিপূর্ণ সেতুই ব্যবহার করছেন। এলাকাবাসীর অভিযোগ, সেতুর বেহাল অবস্থার কারণে ইতোমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে; অনেকে আহত হয়েছেন এবং কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্বও বরণ করেছেন। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ক্রমেই বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, প্রায় ৩৫ বছর আগে আষ্টা খালের ওপর নির্মিত ১৫ থেকে ২৫ ফুট দৈর্ঘ্যের সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুই পাশের রেলিং অনেক আগেই ভেঙে খালে পড়ে গেছে। নিচের অংশে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন স্থানে পলেস্তারা খসে ভেতরের লোহার রড উন্মুক্ত হয়ে পড়েছে। এসব ক্ষতিগ্রস্ত অংশের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিদিন এই সেতু ব্যবহার করে যাতায়াত করে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ধরনের যানবাহনের জন্যও এটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। গুপ্টি এলাকা থেকে আষ্টা বাজার হয়ে উপজেলা সদরে যাওয়ার একমাত্র সংযোগপথ হওয়ায় ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ বাধ্য হয়ে সেতুটি ব্যবহার করছেন।
স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, উপজেলা সদরে যাওয়ার অন্য কোনো বিকল্প সড়ক না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সেতু সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবুল ফারাহ জানান, প্রতিদিন আতঙ্ক নিয়ে সেতু পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। দ্রুত নতুন সেতু নির্মাণ না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
আষ্টা বাজারের ব্যবসায়ী সোহেল হোসেন বলেন, নির্মাণের প্রায় ১০ বছর পর থেকেই সেতুর পলেস্তারা খসে পড়তে শুরু করে। বর্তমানে বিভিন্ন স্থানে রড বেরিয়ে এসেছে এবং পুরো কাঠামোই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করলেও নতুন সেতু নির্মাণে দৃশ্যমান অগ্রগতি হয়নি।
আষ্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. মনির হোসেন পাটওয়ারী বলেন, ঝুঁকিপূর্ণ সেতুর কারণে ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। স্থানীয়দের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশল কার্যালয়ে যোগাযোগ করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। গুরুত্বপূর্ণ এই সেতুর দ্রুত নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

