ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা সমাবেশে চিহ্নিত মাদক কারবারি আব্দুল মান্নান প্রকাশ্যে তওবা করে ভবিষ্যতে মাদক ব্যবসার সঙ্গে আর সম্পৃক্ত না থাকার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে মধ্য মানিকরাজ বাইতুল মামুর জামে মসজিদের সামনে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন দেইচর দর্জি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা মোক্তার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহাউদ্দীন বাবলু, ইউপি সদস্য ফজলুল হক মিজি, সাবেক ছাত্রদল নেতা ইয়ার হোসেন মুন্সী, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন, সমাজসেবক অ্যাডভোকেট বিপ্লব দেবনাথ, খোরশেদ আলম মিজি, মো. রিপন গাজী, সাইফুল ইসলাম এবং মাওলানা মো. হাবিবুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, পুরো সমাজের জন্য হুমকি। এর প্রভাবে তরুণ প্রজন্ম বিপথগামী হয়, পারিবারিক অশান্তি বৃদ্ধি পায় এবং বিভিন্ন ধরনের অপরাধের ঝুঁকি বাড়ে। তাই মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার প্রসার এবং ধর্মীয় মূল্যবোধের চর্চা তরুণদের সুস্থ পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সমাবেশের একপর্যায়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি আব্দুল মান্নান সবার সামনে তওবা করে ঘোষণা দেন, তিনি ভবিষ্যতে মাদক ব্যবসায় জড়াবেন না। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

