মতলব দক্ষিণে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মতলব দক্ষিণে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উপজেলা সংবাদ প্রধান সংবাদ মতলব দক্ষিণ উপজেলা

জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণ উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মতলব দক্ষিণ উপজেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সাগর এবং মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসানাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপকারভোগীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় বৃদ্ধি এবং সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের বিকল্প নেই। টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল পর্যায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও কেএম ইশমাম বলেন, উন্নত, আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে পালন করতে হবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিআরডিবির উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির দুটি করে গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *