মো: মনির হোসেন : ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেছেন, সরকারের মূল লক্ষ্য হলো গ্রামকে শহরে রূপান্তর করা এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় উন্নয়ন ও সেবা পৌঁছে দেওয়া।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং বৃক্ষচারা বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু।
সভাপতির বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো পল্লী অঞ্চলের সার্বিক উন্নয়ন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার গ্রামকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জনপদে পরিণত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি সেবা সহজলভ্য করতে কাজ করছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া। উপকারভোগীদের পক্ষে আনোয়ার হোসেন ও মজিবুর রহমান বিআরডিবির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জীবনমানের ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরেন।
আলোচনায় বক্তারা বলেন, বিআরডিবির ক্ষুদ্রঋণ ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে এবং কৃষক ও সাধারণ মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করছে। টেকসই জাতীয় উন্নয়নে পল্লী উন্নয়নের গুরুত্বও তারা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি এবং নিয়মিত ঋণ পরিশোধের মাধ্যমে স্বাবলম্বী হওয়া শ্রেষ্ঠ উপকারভোগীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে উপস্থিত সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির সদস্য, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

