নিজস্ব প্রতিনিধি : দেশের সাহিত্য অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ ও ২০২৬ সালের চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ছয়জন বিশিষ্ট লেখক। শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় চাঁদপুর শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, এবার দুই বছরের পুরস্কার একসঙ্গে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের জন্য কবিতা বিভাগে রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুল নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ২০২৬ সালের জন্য কবিতা বিভাগে জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার এবং নাট্য বিভাগে মোস্তফা কামাল যাত্রা চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্য সচিব কামরুন্নাহার বিউটি, জুরি বোর্ডের সদস্য সচিব নন্দিতা দাস, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম এবং প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।
সভাপতির বক্তব্যে আয়েশা আক্তার রুপা জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়ার প্রস্তুতি চলছে।
একাডেমির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, পুরস্কার প্রদান অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য একটি উপ-কমিটিকে প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের বরেণ্য সাহিত্যিকদের উপস্থিতিতে অল্প সময়ের মধ্যেই সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন করার আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিতভাবে বিভিন্ন সাহিত্য শাখায় অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করে আসছে। এর আগে আশরাফ আহমদ, নাহিদা আশরাফী, হাসান আলী, শহীদুল্লাহ ফরায়জী, মোহাম্মদ আজাদ হোসেন, হোসেন দেলওয়ার, মিল্টন খন্দকার, হাসনাত আমজাদ, গৌরাঙ্গ সাহা, রকিব লিখন, জামসেদ ওয়াজেদ, মজিদ মাহমুদ, হামিদ কায়সার, তপন বাগচী, মনি হায়দার, বীরেন মুখার্জী, মিলু শামস, স্বরূপ রতন দত্ত, ফারহানা রহমান, রকিবুল হাসান, মাসুদুল হক, পারভীন সুলতানা, হেনরী স্বপন, নিলুফা আক্তার, মামুন রশীদ এবং প্রত্যয় হামিদসহ দেশের বহু খ্যাতিমান সাহিত্যিক এ সম্মাননায় ভূষিত হয়েছেন।

