কচুয়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনে ২০ হাজার টাকা জরিমানা

কচুয়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনে ২০ হাজার টাকা জরিমানা

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা প্রধান সংবাদ

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলায় অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে কৃষিজমি ক্ষতিগ্রস্ত করে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই ড্রেজার মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ভূইয়ারা ও মেঘদাইর গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাসির।

অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রচলিত আইনে ড্রেজার মালিক মোহাম্মদ ফিরোজ মিয়াসহ দুই ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়, যাতে পুনরায় একই কার্যক্রম পরিচালনা করা না যায়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কচুয়া থানার এএসআই মো. আতিকুর রহমানসহ পুলিশের সদস্যরা সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাসির বলেন, পরিবেশ ও কৃষিজমি সুরক্ষায় অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *