সজল পাল : শাহরাস্তি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজন অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. শমসেদ হোসেন, এএসআই মো. শহীদুল্লাহ এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার শাহরাস্তি পৌরসভার নিজমেহার এলাকার ঠাকুরবাড়ির সামনে খিলা-কালীবাড়ি সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে তিনজনের হেফাজত থেকে মোট ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের আদালতে সোপর্দ করা হয়।
শাহরাস্তি মডেল থানা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে চলমান অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হবে।

