ফরিদগঞ্জে সম্পত্তি বিরোধের জেরে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ফরিদগঞ্জে সম্পত্তি বিরোধের জেরে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের গাজীবাড়িতে সম্পত্তি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফারুক হোসেন সাতজনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে উল্টো বাদীপক্ষের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলেছে।

লিখিত অভিযোগে ফারুক হোসেন উল্লেখ করেন, গত ১৯ জুন তার ছোট ভাই আতিক নিজস্ব জায়গায় ঘর নির্মাণের কাজ করছিলেন। এ সময় জমি-সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা নির্মাণকাজে বাধা দেন। একপর্যায়ে তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং পরিবারের সদস্যদের মারধর করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ফারুক হোসেন বলেন, চাচাতো ভাইদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। তিনি অভিযোগ করেন, ঘর নির্মাণে বাধা দেওয়ার পরও কাজ চালিয়ে গেলে হেলাল উদ্দিন ও তার সহযোগীরা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মাদকসেবনের মিথ্যা অপবাদও দেওয়া হয়। তিনি প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

আহত বা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, কষ্টার্জিত অর্থে নতুন ঘর নির্মাণের কাজ চলছিল। আতিকের স্ত্রী কাকলি আক্তার বলেন, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের ঘরে হামলা ও ভাঙচুর করা হয়। তিনি আরও জানান, তার স্বামী অতীতে মাদকের সঙ্গে জড়িত থাকলেও পরিবারের অনুরোধে অনেক আগেই সেই পথ থেকে সরে এসেছেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হেলাল ও তার ভাই সানাউল্লা। তাদের দাবি, বাদীপক্ষের সঙ্গে তাদের পারিবারিক কোনো বিরোধ নেই। বরং তারা অভিযোগ করেন, ফারুকদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে এলাকায় পরিবেশ নষ্ট করে আসছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *