মাদক ব্যবসায়ীদের তথ্য দিন, কঠোর ব্যবস্থা নেবে পুলিশ : এসপি রবিউল হাসান

মাদক ব্যবসায়ীদের তথ্য দিন, কঠোর ব্যবস্থা নেবে পুলিশ : এসপি রবিউল হাসান

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা স্লাইড

কচুয়া প্রতিনিধি :  মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।

মঙ্গলবার বিকেলে কচুয়া থানা প্রাঙ্গণে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক বর্তমানে দেশের প্রায় প্রতিটি এলাকায় বিস্তার লাভ করেছে। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

পুলিশ সুপার বলেন, তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষক এবং স্থানীয় সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন। সন্তানরা নিয়মিত লেখাপড়া করছে নাকি অন্য কোনো নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। তিনি অপ্রয়োজনে সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে না দেওয়ারও পরামর্শ দেন।

তিনি আরও বলেন, স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষকরা নিজ নিজ এলাকার শিক্ষার্থীদের বিষয়ে খোঁজখবর রাখতে পারেন। বিশেষ করে সন্ধ্যার পর শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী রয়েছে কি না, সে বিষয়ে সামাজিক নজরদারি কার্যকর ভূমিকা রাখতে পারে।

ডাকাতি প্রসঙ্গে এসপি রবিউল হাসান বলেন, চাঁদপুর জেলায় সংঘটিত ডাকাতির ঘটনার একটি বড় অংশ কচুয়া এলাকায় ঘটে থাকে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় সক্রিয় কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের আহ্বান জানিয়ে বলেন, এলাকার মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর পুলিশিং কমিটির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. তরিকুল ইসলাম তরিক, ব্যবসায়ী ফখরুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজলী এবং কচুয়া মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ফরহাদ হোসাইন।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *