হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ৭ হাজার ৮৪৯ জন প্রতিবন্ধী ব্যক্তি ২০২৫–২৬ অর্থবছরে মোট ৭ কোটি ৫৮ লাখ ২৬ হাজার ৮০০ টাকা ভাতা ও শিক্ষাবৃত্তি পাচ্ছেন। সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয়ের আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধী ভাতাভোগীর মধ্যে অটিজম ৩৪৭ জন, শারীরিক প্রতিবন্ধী ৪ হাজার ৩৮ জন, দীর্ঘস্থায়ী মানবিক প্রতিবন্ধী ৩০৩ জন, দৃষ্টি প্রতিবন্ধী ৯১২ জন, বাক প্রতিবন্ধী ৫৮৪ জন, বুদ্ধি প্রতিবন্ধী ৬৮৫ জন, শ্রবণ প্রতিবন্ধী ২১২ জন, সেরিব্রাল পালসি ১৭৭ জন, বহুমাত্রিক প্রতিবন্ধী ৫২৬ জন, ডাউন সিনড্রোম ৪ জন এবং অন্যান্য ১৪ জন রয়েছেন।
সেমিনারে জানানো হয়, প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আরও বেশি করে অন্তর্ভুক্ত করতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবারের এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম.এ. রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রধান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলমসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
সেমিনারে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির আওতা আরও সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

