চাঁদপুরে লোহারপুল-দোকানঘর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

চাঁদপুরে লোহারপুল-দোকানঘর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

 

বর্তমান সরকার সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে : এমপি মানিক

মো: মনির হোসেন : চাঁদপুর শহরের পুরানবাজার লোহারপুল থেকে দোকানঘর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় দোকানঘর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বর্তমান সরকার সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কের উন্নয়ন বাস্তবায়নে নানা প্রচেষ্টার পর অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় কাজ শুরু করা সম্ভব হয়েছে।

 

তিনি আরও বলেন, সড়কটির উন্নয়ন সম্পন্ন হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের চলাচলজনিত দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। উন্নয়ন কর্মকাণ্ডে গুণগত মান নিশ্চিত করা হবে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরানবাজার লোহারপুল এলাকা থেকে দোকানঘর পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের উন্নয়নকাজে মোট ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইসরায়া আরার অ্যাসোসিয়েটস প্রকল্পটির কাজ বাস্তবায়ন করবে। চাঁদপুরে প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন ফারুক মৃধা।

 

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা এ সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলে পুরানবাজার এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *