স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সেমিনারে অর্থনৈতিক শুমারির তথ্যভিত্তিক বিশ্লেষণ, জাতীয় উন্নয়ন পরিকল্পনায় এর গুরুত্ব এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণে এর ভূমিকা তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান একটি দেশের উন্নয়ন পরিকল্পনার অন্যতম ভিত্তি। তথ্যনির্ভর সিদ্ধান্ত ছাড়া টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, সেবা খাত এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের বাস্তব চিত্র উঠে আসে, যা সরকারকে কার্যকর নীতি প্রণয়নে সহায়তা করে।
ডিসি বলেন, বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির ধারায় এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে প্রয়োজন বাস্তবভিত্তিক ও হালনাগাদ তথ্য। অর্থনৈতিক শুমারির তথ্য বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতির সম্ভাবনা চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, পরিসংখ্যান শুধু সংখ্যা নয়; এটি একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি।
সেমিনারে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাস্তবায়িত অর্থনৈতিক শুমারি ২০২৪-এ ট্যাব ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে তথ্যের নির্ভুলতা বৃদ্ধি পেয়েছে এবং ভুলের পরিমাণ কমেছে।
১৯৮৩ সালে দেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়। সর্বশেষ চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ সালের ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়।
শুমারির মূল উদ্দেশ্য হলো কৃষিবহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সম্পর্কিত পরিসংখ্যান প্রস্তুত করা। পাশাপাশি জাতিসংঘের নির্দেশিকা অনুসারে তথ্য সংগ্রহ, জাতীয় শিল্পনীতি-২০২২ অনুযায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠান শ্রেণিবিন্যাস এবং উন্নয়ন পরিকল্পনায় সহায়তা করা।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভাগভিত্তিক প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ৭৮.৪৫ শতাংশ এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ২৩.০৪ শতাংশ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মানিক হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার মো: রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির আহ্বায়ক আখতার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফসহ বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের নেতৃবৃন্দ।
সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচকরা বলেন, টেকসই উন্নয়ন ও বাস্তবমুখী পরিকল্পনার জন্য নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য অপরিহার্য। পরিসংখ্যানভিত্তিক তথ্যই দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্রকে স্পষ্টভাবে তুলে ধরে।

