স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে “সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার : প্রেক্ষাপট ও আমাদের করণীয়” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদান, মতপ্রকাশ ও সচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এর অপব্যবহার সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করছে।
তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। মিথ্যা বা অপূর্ণ তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে উদ্বেগ সৃষ্টি করতে পারে বলেও তিনি সতর্ক করেন।
জেলা প্রশাসক আরও বলেন, সত্য ও নির্ভরযোগ্য তথ্য প্রচারের মাধ্যমে একটি সচেতন ও তথ্যভিত্তিক সমাজ গঠন সম্ভব। বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যের উৎস যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকারি উন্নয়ন কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে ভূমিকা রাখতে হবে। একটি মিথ্যা তথ্য মুহূর্তেই হাজারো মানুষের কাছে পৌঁছে যেতে পারে, যা সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করে।
তিনি ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।
সেমিনারটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা।
এছাড়া বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক, গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

