গ্রাম আদালতকে জনবান্ধব করতে চাঁদপুরে কর্মশালা

গ্রাম আদালতকে জনবান্ধব করতে চাঁদপুরে কর্মশালা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা কর্মশালায় সভাপতিত্ব করেন।

কর্মশালার আলোচনায় গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, এ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয় ছাড়াই ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছে।

সভাপতির বক্তব্যে ইউএনও এস. এম. এন. জামিউল হিকমা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম, যা জনগণকে দ্রুত ন্যায়বিচার পাওয়ার সুযোগ করে দেয়। তিনি বলেন, এই ব্যবস্থাকে আরও কার্যকর করতে হলে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি।

তিনি আরও বলেন, গ্রাম আদালত শুধু বিরোধ নিষ্পত্তির মাধ্যম নয়, এটি সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হলে আদালতের ওপর চাপ কমে এবং মানুষের আইনের প্রতি আস্থা বৃদ্ধি পায়।

কর্মশালায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, গ্রাম আদালতের কার্যক্রম ও সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পত্রিকা, অনলাইন পোর্টাল, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বাড়ানো হলে জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালতকে আরও জনমুখী ও কার্যকর করা সম্ভব।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলসহ অন্যান্য বক্তারাও আলোচনায় অংশ নেন।

কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, চাঁদপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলামসহ সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, এর সুবিধা এবং বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনমুখী করার জন্য বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *