স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার আক্কাস আলী রেলওয়ে একাডেমিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন ২০২৬ খ্রি. বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত এ আয়োজনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
চাঁদপুর জেলা তথ্য অফিসের পক্ষ থেকে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামান সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার তপন বেপারী। সভাপতিত্ব করেন আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম মিয়াজি এবং সহকারী শিক্ষক ইমরান হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা নৈতিকতা উন্নয়ন, সামাজিক মূল্যবোধ ও শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতায় দশম শ্রেণির শিক্ষার্থীরা শীর্ষ তিন স্থান অর্জন করে। প্রথম স্থান অধিকার করেন তানিয়া আক্তার (১০ম শ্রেণি), দ্বিতীয় শিউলি আক্তার (১০ম শ্রেণি) এবং তৃতীয় স্থান অর্জন করেন মোঃ আরিফুল ইসলাম সজিব (১০ম শ্রেণি)।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী এবং ফলজ বৃক্ষ প্রদান করা হয়। প্রায় শতাধিক শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেয়।

