জাহাঙ্গীর আলম ভূইয়া : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গত তিন দিনে মাদক মামলার দুই আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে পাঁচজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মো. ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় সূচীপাড়া উত্তর ইউনিয়নের বেরকী গ্রাম থেকে সিআর-৪৯৩/২০২৫ (শাহরাস্তি) মামলার পরোয়ানাভুক্ত আসামি ইমান আলীর ছেলে তৈয়ব আলী এবং একই গ্রামের তৈয়ব আলীর ছেলে মো. রায়হানকে গ্রেফতার করা হয়।
একই দিনে এসআই (নিঃ) মিঠুন দাসের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের স্বর্ণকার বাড়ির বাসিন্দা মো. আব্দুর রহিমের ছেলে রিয়াজ উদ্দিন স্বপনকে জিআর-৯৩/২০২৩ মামলার পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়।
এর আগে ৪ জুন এসআই (নিঃ) আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্সসহ চিতোষী পশ্চিম ইউনিয়নের দৈয়রা গ্রামের কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে সিআর-৫৩৮/২০২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মফিজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলামকে গ্রেফতার করেন।
একই দিনে মাদকবিরোধী অভিযানে চিতোষী পশ্চিম ইউনিয়নের উত্তর খামপাড়া-আয়নাতলী এলাকার সংহাই (হাজীবাড়ি) গ্রামে অভিযান চালিয়ে মৃত হাবিব উল্যাহর ছেলে আনোয়ার হোসেনকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এরও একদিন আগে, ৩ জুন উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর (মাদ্রাসাবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে আ. জব্বারের ছেলে আব্দুল কুদ্দুছকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদক ব্যবসা, অপরাধ কর্মকাণ্ড এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, সম্প্রতি শাহরাস্তি উপজেলায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

