কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার ৪ নম্বর পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. মহসিন মোল্লা নিজস্ব অর্থায়নে উত্তর পালাখাল-সিংআড্ডা সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে স্থানীয় জনগণের প্রশংসা অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় এবং সাধারণ মানুষের চলাচল আরও দুর্বিষহ হয়ে ওঠে।
এ অবস্থায় জনস্বার্থ বিবেচনায় ইঞ্জিনিয়ার মো. মহসিন মোল্লা ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে গত দুই দিন ধরে ইট-বালি দিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ পরিচালনা করেন। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় বাসিন্দা মো. মামুন সরকার, হোসেন মাস্টারসহ একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের প্রয়োজন থাকলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ব্যক্তিগতভাবে এগিয়ে এসে সড়কটি মেরামত করায় জনদুর্ভোগ অনেকাংশে কমেছে। তারা এ উদ্যোগকে জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার মো. মহসিন মোল্লা বলেন, “মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই আমি নিজ উদ্যোগে সড়ক সংস্কারের ব্যবস্থা করেছি। এলাকার উন্নয়ন ও জনগণের সেবা করাই আমার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে আমি সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”
তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকেই মনে করেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনি এলাকার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

