ধনাগোদা নদীতে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু, মরদেহ উদ্ধার

ধনাগোদা নদীতে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু, মরদেহ উদ্ধার

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী এলাকায় ধনাগোদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র ও নৌ ফায়ার সার্ভিস জানায়, মনোহরখাদী গ্রামের বাসিন্দা পরেশ নমোর দুই মেয়ে রনি রানি সরকার (৩৮) ও স্বপ্না (৪৫) বৃহস্পতিবার দুপুর প্রায় ২টার দিকে বাড়ির পাশের ধনাগোদা নদীতে গোসল করতে যান। এ সময় প্রতিবন্ধী রনি রানি নদীর গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে উদ্ধারের জন্য বড় বোন স্বপ্না নদীতে ঝাঁপ দেন। তবে উদ্ধার অভিযানে গিয়ে তিনিও স্রোতের পানিতে তলিয়ে যান।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে স্বপ্নার মরদেহ উদ্ধার করা হয়। পরে শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে একই নদী থেকে রনি রানি সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁদপুর নৌ-ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ রাকিব জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। প্রথম দিন স্বপ্নার মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও রনি রানির সন্ধান পেতে পরদিন পর্যন্ত অভিযান চালাতে হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্বপ্নার স্বামী ও সন্তান এ আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। তাদের বাবা-মা অনেক আগেই মারা গেছেন। পাঁচ বোনের মধ্যে স্বপ্না ও রনি রানি ছিলেন দুইজন। ঘটনার দিন পরিবারের অন্য বোনেরাও বেড়াতে এসেছিলেন।

উদ্ধারের পর চাঁদপুর সদর নৌ-পুলিশ প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করে।

স্থানীয়দের মতে, প্রতিবন্ধী বোনকে রক্ষা করতে গিয়ে বড় বোনের প্রাণ বিসর্জনের এই ঘটনা এলাকায় গভীর বেদনার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *