ফরিদগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুর যুবকের

ফরিদগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুর যুবকের

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলায় আকস্মিক বজ্রপাতে মো. নবী হোসেন মিজি (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) জুমার নামাজের আগে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন মিজি সাইসাঙ্গা গ্রামের নোয়া বাড়ির বাসিন্দা এবং মনির হোসেন মিজির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর পরিবারে তিন মাস বয়সী ফারাজানা নামের একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের আগে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নবী হোসেন পাশের ভোটাল গ্রামে কাজ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়ির কাছাকাছি ধানক্ষেতসংলগ্ন পথ দিয়ে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তিন মাস বয়সী কন্যাসন্তানকে রেখে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এমন অকাল মৃত্যু স্থানীয়দেরও ব্যথিত করেছে।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞরা খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়ে আসছেন। আবহাওয়া প্রতিকূল হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার বিষয়েও সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *