পরিবেশ দিবসে চাঁদপুরে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরিবেশ দিবসে চাঁদপুরে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

স্টাফ রিপোর্টার : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুরে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে জেলা সরকারি গ্রন্থাগারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

চাঁদপুর জেলা সরকারি গ্রন্থাগারে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।

তিনি বলেন, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের সৃজনশীল কার্যক্রমে যুক্ত করা। এ ধরনের আয়োজন কেবল প্রতিযোগিতা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার সম্পর্কে শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করা জরুরি। কারণ তারাই আগামী দিনে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গঠনে নেতৃত্ব দেবে। এমন আয়োজন শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং পরিবেশবান্ধব চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়তা করে।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ, চাঁদপুর জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান উম্মে রায়হানি ফেরদৌস এবং চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাশেদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, ক্যাশিয়ার মোঃ গিয়াসউদ্দিন, ডাটা এন্ট্রি অপারেটর চন্দনা রানী শীল, বাংলাদেশ শিশু একাডেমী চাঁদপুরের প্রশিক্ষক ও গণমাধ্যমকর্মী অভিজিত রায় এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ বিষয়ক সচেতনতা ও সৃজনশীল চিন্তাভাবনা তুলে ধরে রচনা উপস্থাপন করেন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ৫ জুন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *