স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে বিরোধের জেরে মো. ইয়াছিন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বাঁশের লাঠির আঘাতে আহত ইয়াছিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় অভিযুক্ত মুসা প্রধানিয়া (১৭) পলাতক রয়েছে।
নিহত ইয়াছিন চাঁদপুর শহরের ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। অপরদিকে অভিযুক্ত কিশোর মুসা প্রধানিয়া একই এলাকার প্রধানিয়া বাড়ির সাদেক প্রধানিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে যমুনা রোড এলাকায় একটি জামগাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে মুসা প্রধানিয়া ও একই এলাকার শাহজাহান মালের ছেলে মো. মেহেদী হাসানের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মুসা মেহেদী হাসানকে মারধর করে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইয়াছিন মারধরের কারণ জানতে চাইলে মুসা তার হাতে থাকা বাঁশ দিয়ে ইয়াছিনের মাথায় আঘাত করে। এতে ইয়াছিন মাটিতে লুটিয়ে পড়লে পরবর্তীতে তাকে আরও কয়েকটি আঘাত করা হয় বলে স্থানীয়রা জানান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মেহেদী হাসানের মা ইনুন নেছা বলেন, “আমার ছেলের সাথে মুসার ঝগড়া হয়। ইয়াছিন আমার ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয়। সে খুবই নিরীহ পরিবারের ছেলে ছিল।” তিনি আরও জানান, ইয়াছিনের আরেক ভাই পূর্বে পানিতে ডুবে মারা গেছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। মূলত জাম পাড়াকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটে। জড়িতরা সবাই কিশোর বয়সী। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

