ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইডব্লিউবিআই’র যৌথ আয়োজনে আন্তর্জাতিক কর্মশালা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইডব্লিউবিআই’র যৌথ আয়োজনে আন্তর্জাতিক কর্মশালা

আন্তর্জাতিক সংবাদ জাতীয় সংবাদ প্রধান সংবাদ

মাহমুদুর রহমান, ঢাকা থেকে : উচ্চশিক্ষায় শিক্ষাদান, গবেষণা দক্ষতা এবং একাডেমিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্য নিয়ে রাজধানীর ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা। “এসেনশিয়ালস অব ইউনিভার্সিটি একাডেমিকস ইন কনটেম্পোরারি ওয়ার্ল্ড: বিল্ডিং টিচিং ক্যাপাবিলিটি অ্যান্ড ডেভেলপিং রিসার্চ স্কিলস” শীর্ষক এ কর্মশালা ১৮ ও ১৯ মে ২০২৬ অনুষ্ঠিত হয়।

জেনেভাভিত্তিক এডুকেটরস উইদাউট বর্ডারস ইন্টারন্যাশনাল (ইডব্লিউবিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই) যৌথভাবে এ আয়োজন করে। কর্মশালায় ঢাকা ও চট্টগ্রামের ১৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ জন শিক্ষক ও একাডেমিশিয়ান অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, পিএইচডি। স্বাগত বক্তব্য দেন এইচআরডিআই’র পরিচালক (ভারপ্রাপ্ত) মিস তাহসিনা ইয়াসমিন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ইডব্লিউবিআই’র এক্সিকিউটিভ ডিরেক্টর মিস মাউজা আল জাবি।

দুই দিনব্যাপী কর্মশালায় আধুনিক শিক্ষণ পদ্ধতি, কারিকুলাম উন্নয়ন, গবেষণা নকশা, একাডেমিক রাইটিং, প্রকাশনা কৌশল এবং বৈশ্বিক গবেষণা সহযোগিতাসহ উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি গবেষণা ও শিক্ষাদানে প্রয়োগযোগ্য বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পান।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে অংশ নেন অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল (ওএএম) প্রাপ্ত এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর দাতো’ ড. মোহাম্মাদ ফাউজান নূরদিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়ারুল কবির এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. শামসুদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কেবল পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও অর্জন করতে হবে। এ সময় শিক্ষার্থীকেন্দ্রিক, ফলাফলভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষণ পদ্ধতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান ওএএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

অংশগ্রহণকারীরা কর্মশালার আন্তর্জাতিক মানের সেশন, অভিজ্ঞ রিসোর্স পারসন এবং জ্ঞানভিত্তিক আলোচনার প্রশংসা করেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকরা জানান, উচ্চশিক্ষায় একাডেমিক উৎকর্ষ, গবেষণা সক্ষমতা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের মতে, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বৈশ্বিক মানসম্পন্ন গবেষণা ও শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *