জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোবারক সরদার (৪৮) নামে এক চা-দোকানিকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে কিশোরীকে নিজের বসতঘরে নিয়ে ধর্ষণ করেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিও ছড়িয়ে দিলে বিষয়টি জানাজানি হয়।
বৃহস্পতিবার রাতে এ নিয়ে কিশোরীর বাড়িতে সালিস বসে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়। শুক্রবার সকালে মোবারক কিশোরী ও তাঁর পরিবারকে হুমকি দিলে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন।
পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। ভুক্তভোগীর বাবা থানায় মামলা ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হলে মোবারককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।

