কচুয়া প্রতিনিধি : মানবতার সেবায় চাঁদপুরের কচুয়া উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে গীতা স্কুল পরিচালনা পরিষদ (জিএসপিপি)। সংগঠনটির জিএসপিপি ফ্যামিলি শপের মাধ্যমে যাচাই-বাছাই করা উপকারভোগী পরিবারের মধ্যে কম মূল্যে চাল, ডাল, আলু, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
‘গীতার আলোয় আলোকিত হোক জীবন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতে গীতা স্কুল পরিচালনা করে আসছে জিএসপিপি। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে সংগঠনটি।
সংগঠন সূত্রে জানা যায়, জিএসপিপি ফ্যামিলি শপের আওতায় থাকা পরিবারগুলোর মধ্যে সম্প্রতি ১০ কেজি চাল ও ৫ কেজি আলু বিতরণ করা হয়েছে। এসব খাদ্যসামগ্রীর বাজারমূল্য ছিল ৭০০ টাকা। তবে উপকারভোগীদের কাছ থেকে নেওয়া হয়েছে মাত্র ২৩০ টাকা।
এর আগে কয়েক মাস আগেও একই কার্যক্রমের আওতায় চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ প্রায় ৮০০ টাকা বাজারমূল্যের খাদ্যসামগ্রী উপকারভোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
জিএসপিপি জানিয়েছে, কচুয়া উপজেলা জুড়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর তালিকা তৈরি করা হবে। এরপর ইউনিয়নভিত্তিকভাবে জিএসপিপি ফ্যামিলি শপের এই সেবা চালু রাখা হবে।
উপকারভোগী সবিতা বলেন, ২৩০ টাকায় ১০ কেজি চাল ও ৫ কেজি আলু পেয়ে তিনি খুব খুশি। সংসারে এমনিতেই টানাপোড়েন রয়েছে। কম দামে এসব খাদ্যসামগ্রী পাওয়ায় তার কিছুটা উপকার হয়েছে।
তিনি জানান, এর আগেও তিনি বিনামূল্যে চাল, ডাল, তেল, লবণ ও আলু পেয়েছিলেন। এ সহায়তার জন্য গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা রাজীব চন্দ্র শীলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
রাজীব চন্দ্র শীলের উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে কচুয়ার অসহায় পরিবারগুলো খাদ্যসামগ্রী কেনার ক্ষেত্রে আর্থিক সুবিধা পাচ্ছে।

