সজল পাল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিকেল ৪টায় শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজ মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোয়াভাঙ্গা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। সংগঠনকে শক্তিশালী করতে বিভেদ পরিহার করে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মধ্য দিয়েই আগামী দিনের রাজনীতিতে বিএনপিকে এগিয়ে যেতে হবে।
শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া বলেন, বিএনপির ৪৮ বছরের ইতিহাস দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে জড়িত। নানা প্রতিকূলতা, মামলা, হামলা ও নির্যাতনের মধ্যেও দলের নেতাকর্মীরা দেশের মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালামুত সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম ও যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদুল হক সহেল, সদস্য সচিব এহতেশামুল হক গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ সিকদার, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন ও সদস্য সচিব আজগর মোল্লা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজিসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে শাহরাস্তির বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

