হাইমচরে নবাগত ইউএনও-ওসির সঙ্গে ঐক্য পরিষদের মতবিনিময়

হাইমচরে নবাগত ইউএনও-ওসির সঙ্গে ঐক্য পরিষদের মতবিনিময়

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাইমচর উপজেলা

হাইমচর প্রতিনিধি : হাইমচরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন এবং আসন্ন ধর্মীয় উৎসব নির্বিঘ্নে আয়োজনের বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলমের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

রোববার (৩০ আগস্ট) বিকেলে পৃথকভাবে আয়োজিত সভায় ঐক্য পরিষদের হাইমচর উপজেলা শাখার নেতৃবৃন্দ নবাগত ইউএনও ও ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণ, মন্দির ও পূজামণ্ডপে যাতায়াতের রাস্তা সংস্কার, আরতি ও অন্যান্য ধর্মীয় কার্যক্রমে সহযোগিতা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

ঐক্য পরিষদের হাইমচর উপজেলা শাখার আহ্বায়ক স্বপন সরকার বলেন, হাইমচর দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন ধর্মের মানুষ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছেন।

তিনি জানান, বর্তমানে উপজেলায় ছয়টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। এসব উৎসব নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

সংগঠনের সদস্য সচিব সুনীল চন্দ্র মাঝি মন্দিরে যাতায়াতের অনুন্নত সড়ক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় উৎসবের দিনগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

এ সময় বাংলাদেশ পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।

হাইমচর থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, ধর্মীয় উৎসব ও বিভিন্ন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে। উৎসবের দিনগুলোতে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় নেতৃবৃন্দকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই লক্ষ্য। ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।

সভায় ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় মজুমদার, শ্যামল দাস ও উত্তম স্বর্ণকার; সদস্য প্রদীপ দাস দেওয়ান, মিলন কৃষ্ণ মাঝি, কলিন্দ্র বৈদ্য, সঞ্জয় কুমার পোদ্দার ও মন্টু দেওয়ান এবং যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শিমুল অধিকারী সুমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে নবাগত ইউএনও ও ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *